

দ্রুতই স্কুল-কলেজ যাতে খুলে দেওয়া যায়, সে জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘আমরা খুব তাড়াতাড়ি স্কুল-কলেজ খুলে দেওয়ার জন্য এরই মধ্যে নির্দেশ দিয়েছি। সে ব্যবস্থাও নেওয়া হচ্ছে। শিক্ষকদের টিকা দেওয়া হয়েছে। শিক্ষকদের সঙ্গে স্কুলে কর্মরত যাঁরা, তাঁদের পরিবারসহ যাতে টিকা দেওয়া হয়, সে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে শোক প্রস্তাব নিয়ে আলোচনাকালে তিনি এসব কথা বলেন। সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে ওই শোক প্রস্তাব আনা হয়।
প্রধানমন্ত্রী ও সংসদ নেতা বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার কতগুলো নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনা মেনেই স্কুলের ছেলে-মেয়েদেরও টিকা দেওয়ার ব্যবস্থা নিচ্ছি। যার জন্য কিছু ফাইজারের টিকা এরই মধ্যে এসে পৌঁছেছে, আরো পৌঁছাবে। মডার্নার জন্য চেষ্টা করে যাচ্ছি। তা ছাড়া অন্যান্য টিকাও আসছে। এরই মধ্যে টাকাও পাঠিয়ে দেওয়া হয়েছে। ছয় কোটি টিকার জন্য টাকা পাঠিয়ে দিয়েছি। পর্যায়ক্রমে টিকা আসতে থাকবে।’
সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘করোনা থেকে ভালো হওয়ার পরও নানা জটিলতা রয়ে যায়। যাদের অন্যান্য রোগ আছে, তাদের ক্ষেত্রে করোনাঝুঁকি বাড়ায়। এ জন্য সবাইকে নিজের ভালো নিজেকে বুঝে চলতে বুঝতে হবে। আমরা দেখতে পাচ্ছি, কখনো করোনা একেবারেই কমে যাচ্ছে, আবার নতুনভাবে নতুন শক্তিতে এই ভাইরাস আসছে। সে ক্ষেত্রে আমরা অনেকটা নিয়ন্ত্রণ করতে পেরেছি। টিকা দেওয়ার পরও অনেকের করোনা হয়। তাই সবাইকে সচেতন থাকতে হবে।’


