
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি
শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
মঙ্গলবার (৮ আগস্ট) বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধানগণ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের তিন ঘণ্টার বেশি সময় ধরে চলা বৈঠকের পর নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়।
শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল এবং অধ্যাপক তানজীম উদ্দিন খান ছিলেন। বৈঠকে তিন বাহিনীর প্রধানরাও উপস্থিত ছিলেন।
এর আগে শিক্ষার্থীরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে অধ্যাপক মো. ইউনূসের নাম প্রস্তাব করেছিল। এতে সম্মত হয়েছেন অধ্যাপক ইউনূসও।
ইউনূস বলেছেন, যে ছাত্ররা এতো ত্যাগ স্বীকার করেছে, এই কঠিন সময়ে তারা যখন আমাকে এগিয়ে আসার অনুরোধ করেছে, আমি কীভাবে তাদের প্রত্যাখ্যান করতে পারি?। ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক মিজ মোরশেদ জানান ইউনূস এখন প্যারিসে রয়েছেন। খুব শিগগিরই ঢাকায় ফিরে আসবে।
সোমবার শেষ রাতের দিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে ইউনূসের নাম প্রস্তাব করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। যাদের আন্দোলনে বাংলাদেশে শেখ হাসিনার সাড়ে ১৫ বছরের সরকারের পতন ঘটে।


