মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২

সিদ্দিকবাজারে ক্ষতিগ্রস্ত ভবনে কেউ আটকে নেই: সুরক্ষা বিভাগ সচিব

সিদ্দিকবাজারে ক্ষতিগ্রস্ত ভবনে কেউ আটকে নেই: সুরক্ষা বিভাগ সচিব

গুলিস্তানে বিস্ফোরণ

বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবন। ছবি: সংগৃহীত

সিদ্দিকবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনে আর কেউ আটকে নেই বলে ধারণা করছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী। তিনি বলেন, মনে হচ্ছে ভবনের ভেতরে আর কেউ আটকে নেই। ডগ স্কোয়াড দিয়েও পরীক্ষা করা হয়েছে।

বুধবার দুপুরে গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের লক্ষ্য করে সুরক্ষা সেবা বিভাগের সচিব এ কথা বলেন।

সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় এখনো অন্তত তিনজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন স্বজনরা। তবে আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী বলেন, ভবনে আর কেউ নেই। তবে আমরা এখনো অভিযান শেষ করিনি।

আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- জমে থাকা গ্যাস থেকেই বিস্ফোরণ ঘটেছে। চার সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন দেবে। তদন্ত শেষে প্রকৃত কারণ বোঝা যাবে।

মঙ্গলবার বিকাল পৌনে ৫টার দিকে সিদ্দিকবাজারের নর্থ সাউথ রোডের সাততলা ভবনটিতে বিস্ফোরণ ঘটে। এর পাশের একটি পাঁচতলা ভবনও এতে ক্ষতিগ্রস্ত হয়। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের প্রাণহানি হয়েছে।

এর মধ্যে ১৬ জনের লাশ স্বজনদের হস্তান্তর করা হয়েছে। বিধ্বস্ত ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় উদ্ধার কাজ মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে স্থগিত করা হয়। বুধবার সকাল ৯টার পর আবার শুরু হয় উদ্ধার কাজ।

সম্পর্কিত খবর

বাংলার শিরোনাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ