
গৃহকর্মীকে হত্যার অভিযোগে রাজধানীর বনশ্রীর এক বাড়িতে ভাঙচুর চালিয়ে গাড়িতে আগুন দিয়েছেন উত্তেজিত এলাকাবাসী।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে বনশ্রীর ডি ব্লকের ৪ নম্বর রোডের ৩২ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।
ঢাকা মহানগর পুলিশের মিতিঝিল বিভগের উপ কমিশনার হায়তুল ইসলাম খান বলেন, “একজন গৃহকর্মী সেখানে মারা গেছেন। কীভাবে তার মৃত্যু হয়েছে আমরা নিশ্চিত নই। বাড়ির সামনে তার লাশ পড়ে থাকায় উত্তেজিত জনতা সেখানে ভাঙচুর চালিয়েছে।”
স্থানীয়রা জানান, ভোরে হোসেন মঞ্জিল নামের ওই বাড়ির গেইটের সামনে এক নারীর রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন তারা। পরে জানা যায়, সেই নারী ওই বাসার গৃহকর্মী।
তাকে হত্যা করা হয়েছে– এমন কথা ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা তৈরি হয়। আশপাশের বাড়ির গৃহকর্মীদের পাশাপাশি স্থানীয় শ্রমজীবীরাও সেখানে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন।
রিমা নামের স্থানীয় এক পোশাক কর্মী জানান, যার লাশ পড়ে ছিল, তিনি ওই বাড়ির চতুর্থ তলায় কাজ করতেন। ভোরে কাজে যাওয়ার সময় তারা বাড়ির সামনে তার লাশ পড়ে থাকতে দেখেন।
খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে মরদেহ ঢাকা মেডিকেলে পাঠানোর চেষ্টা করলে স্থানীয়রা বাধা দেয়। এক পর্যায়ে উচ্ছৃঙ্খল জনতা ঢিল ছুড়তে শুরু করে। তারা ওই বাড়ির নিচতলায় ভাঙচুর চালায় এবং নিচতলায় থাকা দুটি গাড়িতে আগুন দেয়।
পুলিশ উপ কমিশনার হায়তুল ইসলাম খান বলেন, “আমরা ঘটনাস্থলে আছি, পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি।”


